Ridge Bangla

নতুন বাংলাদেশ গড়তে নৈতিক চিন্তার আহ্বান জামায়াত আমিরের

প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াত আমির বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং দীর্ঘদিনের কালো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। যুগের পর যুগ পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত থাকার কারণে জনগণের অধিকার সংকুচিত হয়েছে। সেখান থেকে মুক্তির পথেই মানুষ আজ পরিবর্তন চায়।

তিনি বলেন, পরিবর্তনের বিরোধিতা করছে একটি স্বার্থান্বেষী মহল, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য সাহস দরকার, যে সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদিসহ অনেকে। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দায়িত্ব এই সাহসী তরুণদের হাতেই তুলে দিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায়, যেখানে পারিবারিক পরিচয় নয়, যোগ্যতা ও সততাই নেতৃত্বের মাপকাঠি হবে। রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। তিনি আরও বলেন, জনসংখ্যা সমস্যার নয়, সম্পদের উৎস। এই জনশক্তিকে কাজে লাগাতে হলে নীতি-নৈতিকতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিকল্প নেই। ক্ষমতায় এলে নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে মর্যাদার সঙ্গে ভূমিকা রাখবেন- এমন নিরাপদ ও আধুনিক বাংলাদেশের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

This post was viewed: 3

আরো পড়ুন