Ridge Bangla

নওগাঁয় ২২ মে থেকে বাজারে আসছে আম

নওগাঁয় আম বাজারজাতকরণ শুরু হবে ২২ মে থেকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোষিত সূচি অনুযায়ী, এ দিন গুটি জাতের আম বাজারে আসবে। এরপর ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, ৫ জুন ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাড়িভাঙা, ১৮ জুন আম্রপালি, ২৫ জুন ব্যানানা ম্যাংগো ও আবারও ফজলি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি আম বাজারজাত করা যাবে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, নওগাঁর আম দেশজুড়ে সমাদৃত। ফজলি আম ইতোমধ্যে জিআই স্বীকৃতি পেয়েছে এবং আম্রপালির রয়েছে বিশেষ চাহিদা। তিনি জানান, কেউ যেন অপরিপক্ব আম বাজারে না ছাড়ে, সেজন্য প্রশাসন সতর্ক থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে আম পরিপক্ব হলে স্থানীয় কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ছাড়পত্র নিয়ে বাজারজাত করা যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, এ বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৬ হাজার টন। নওগাঁয় এবার প্রায় সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।

 

 

This post was viewed: 45

আরো পড়ুন