Ridge Bangla

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণার আগে সারাদেশে একটি মহল নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে। জাতিকে এখনই রুখে দাঁড়াতে হবে। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন নষ্ট না হয়; গণতন্ত্রী উত্তরণের পথ আরও সুগম করতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানী ছিলেন কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ দেখেছিলেন। কিন্তু বর্তমান রাজনীতি বিভ্রান্তির দিকে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অসংখ্য নেতা-কর্মী কারাবন্দি, মিথ্যা মামলার শিকার ও নিহত হয়েছেন। অবশেষে জনগণের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে আমরা পুরোপুরি বুঝতে পারছি না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সবার সমর্থন নিয়ে কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে, তবে এটি জনগণের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনই একমাত্র পথ, যার মাধ্যমে গণতন্ত্রে ফেরা সম্ভব।

তিনি বলেন, অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা ও বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিন দেশের আজ সবচেয়ে বড় প্রয়োজন একটি জনগণের নির্বাচিত সরকার।

This post was viewed: 29

আরো পড়ুন