Ridge Bangla

দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত সময় যাচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির এক অপচেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হচ্ছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশবিরোধী চক্রান্তের কবল থেকে মুক্তি পান। সেই বিপ্লবই বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছিল।

তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ একদলীয় শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে যায়। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন তারই কীর্তি। বিএনপি মহাসচিব আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতিতে নিয়ে যান। গার্মেন্টস শিল্প, রেমিট্যান্স ও কৃষি বিপ্লবের ভিত্তি তার সময়েই স্থাপিত হয়।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করা হলেও তার আদর্শ আজও বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন কখনো পরাজিত হয়নি, বিএনপিও হয়নি।”

শেষে মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারেক রহমানও সেই পথেই জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন। ৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যাব।”

This post was viewed: 36

আরো পড়ুন