আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণভাবে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইসি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে একটি স্বাস্থ্যসম্মত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে কমিশনের গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, কমিশনের এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠু, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে।