ঢাকা মেডিকেল কলেজসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।
অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান। তিনিও পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামকে।
একইসঙ্গে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।
এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে।