Ridge Bangla

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ গভীর প্রত্যাশা ও আশাবাদ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জাতির রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিক ও গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে। এই সময়ে তারেক রহমানের নেতৃত্ব জনগণের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তিনি ইতোমধ্যেই দেশ ও জাতির উদ্দেশে যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশে একটি সত্যিকার উদার ও গণতান্ত্রিক ব্যবস্থার পথে অগ্রসর হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশুরা আত্মত্যাগ করেছেন, জাতি চিরদিন তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 13

আরো পড়ুন