Ridge Bangla

দুই যুগ পর একসঙ্গে টম ক্রুজ ও ব্র্যাড পিট, উচ্ছ্বসিত ভক্তরা

প্রায় ২৪ বছর পর এক ফ্রেমে দেখা গেল হলিউডের দুই কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ ও ব্র্যাড পিটকে। সম্প্রতি ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘এফ ওয়ান’-এর প্রিমিয়ারে লন্ডনের লেস্টার স্কয়ারে হাজির হয়ে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটকে শুভকামনা জানাতে তিনি উপস্থিত হন এবং একসঙ্গে সিনেমা দেখেন। এ সময় তারা একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর আগে সর্বশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল টম ও পিটকে। প্রায় দুই দশক পর তাদের আবার একসঙ্গে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বছর হলিউডের সবচেয়ে আলোচিত দুই ছবি ঘিরে রয়েছে এই দুই অভিনেতা। টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ এরইমধ্যে ওপেনিং উইকেন্ডেই ২০০ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে, আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় ৫৪০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে আবারও ইথান হান্ট চরিত্রে বাজিমাত করেছেন টম।

অন্যদিকে ব্র্যাড পিট অভিনীত নতুন স্পোর্টস-ড্রামা ছবি ‘এফ ওয়ান’ মুক্তি পাচ্ছে ২৭ জুন। সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি, যিনি ‘টপ গান: ম্যাভেরিক’-এরও পরিচালক ছিলেন। এতে পিট অভিনয় করছেন সনি হেইস নামের এক সাবেক ফর্মুলা ওয়ান রেসারের চরিত্রে, যিনি নব্বইয়ের দশকে খ্যাতির শিখরে থাকলেও এক দুর্ঘটনার পর অবসর নিতে বাধ্য হন। সেই ফিরে আসার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

‘এফ ওয়ান’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আর টম ক্রুজের উপস্থিতি ছবিটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে। হলিউডপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক স্মরণীয় ও রোমাঞ্চকর মুহূর্ত।

This post was viewed: 69

আরো পড়ুন