দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার পৈতৃক জেলা বগুড়ায় ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর দলীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘাঁটি বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। এ সফর রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি আবেগের দিক থেকেও বগুড়াবাসীর কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
আজ বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরার পর এটিই তার প্রথম বগুড়া সফর। স্থানীয় বিএনপি নেতাদের মতে, এই সফর বগুড়া বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তারেক রহমানের আগমন ঘিরে জেলা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুন, তোরণ ও মাইকিংয়ে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক ও মোড়গুলো। জনসভাস্থলে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। পথে আরও কয়েকটি সংক্ষিপ্ত সভায় অংশ নিয়ে বিকেল বা সন্ধ্যার দিকে তিনি বগুড়া পৌঁছাবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “ঘরের ছেলে তারেক রহমানকে বরণ করে নিতে পুরো জেলা প্রস্তুত। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।” জনসভা শেষে তিনি বগুড়ায় রাতযাপন করবেন এবং পরদিন নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নেবেন।