ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ও যাচাই-বাছাইভিত্তিক সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৮ মাসে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তবে বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।
প্রেস সচিব জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সংঘর্ষের সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘গুলিবিদ্ধ’ হওয়ার দাবি জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
তিনি অভিযোগ করেন, কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র ওই ফেসবুক পোস্টকেই সত্য ধরে নিয়ে শিরোনাম ও ফটোকার্ডে গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে। এতে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।
শফিকুল আলম বলেন, পরে সরকার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ঢাকা মহানগর পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও নিশ্চিত করে যে, কেউ গুলিবিদ্ধ হননি।