আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি জোটগত সিদ্ধান্তে প্রার্থী না দিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, দল ব্যবস্থা নিলেও তিনি নির্বাচনের মাঠে থাকবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ফলে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আগামীকাল আমার কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। বিএনপি একটি বড় দল, জোটগত বাস্তবতা বিবেচনায় তাদের সিদ্ধান্ত নিতে হয়। জমিয়তের সঙ্গে জোট থাকলে আসন ছাড়তেই হয়েছে।” দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রশ্নে তিনি বলেন, “দল যদি কোনো ব্যবস্থা নিতে চায়, তারা নিশ্চয়ই নেবে। আমি সেটি ঠেকাতে পারব না।” এর আগে বিভিন্ন সভা-সমাবেশে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামবেন।
তবে স্থানীয় বিএনপি নেতারা দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কথা জানিয়েছেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না। জোটের প্রার্থীর পক্ষে কাজ করাই আমাদের দায়িত্ব।”
উল্লেখ্য, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এ আসনে বিএনপি-জামায়াত-জাতীয় পার্টিসহ একাধিক দলের প্রার্থীর অংশগ্রহণে লড়াই এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।