Ridge Bangla

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রবীণ অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা (১২০) ইন্তেকাল করেছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে, স্কুলশিক্ষক মো. শফিকুল ইসলাম সাইফুল।

জানা যায়, উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মোল্লা ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। এরপরও থেমে থাকেননি তিনি। ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে ৫ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করে সেটি মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন এবং নিজেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

চোখে দেখতে না পারায় মসজিদে যাতায়াতে বাধা সৃষ্টি হলেও তা অতিক্রমে অনন্য উপায় বের করেন তিনি। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ টাঙিয়ে দেওয়া হয়। সেই দড়ি ও বাঁশ ধরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে মসজিদে যেতেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ধর্মীয় অনুশাসনে তার নিষ্ঠা ও অধ্যবসায় সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 12

আরো পড়ুন