Ridge Bangla

দক্ষিণ আমেরিকায় বিমান দুর্ঘটনা: সংসদ সদস্যসহ সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কলম্বিয়ার একজন সংসদ সদস্যও রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান সংস্থা সাতেনা পরিচালিত ওই বিমানে মোট ১৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় দুইজন ক্রু সদস্যসহ সবাই প্রাণ হারান। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এটি দেশের জন্য গভীর শোকের ঘটনা।

পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রীয় সব প্রটোকল অনুসরণ করে দায়িত্বশীল তথ্য প্রকাশ করা হবে।

নিহতদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার নিম্নকক্ষের সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরো এবং একই আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কার্লোস সালসেদো সালাজার। বিমানটি উত্তর সান্তান্দার বিভাগের কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১১ মিনিট আগে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, শেষ মুহূর্তে বিমানের উচ্চতা হঠাৎ কমে যায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি বিশেষ ইউনিট গঠন করেছে। পাশাপাশি জরুরি উদ্ধার ও সমন্বয়ের জন্য ‘ইউনিফায়েড কমান্ড পোস্ট’ সক্রিয় করা হয়েছে। তবে দুর্গম ও ঘন জঙ্গলপূর্ণ এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন