দশ বছর আগে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় দিয়ে কোটি দর্শকের মনে জায়গা করা হর্ষালি মালহোত্রা এবার দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে উত্তেজনা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হর্ষালি তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি অখণ্ড ২-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এটি তার তেলুগু সিনেমার ডেবিউ। খবর প্রকাশের পরই তার অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের মাধ্যমে হর্ষালি জানিয়েছেন, বড় পর্দায় ফিরে আসার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। জনানি নামের চরিত্রে অভিনয় করবেন তিনি, যা গল্পে বড় পরিবর্তন আনবে বলে জানিয়েছে ছবির নির্মাণ সংক্রান্ত একটি সূত্র।
অখণ্ড ২ হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাবে। ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। ভক্তরা নতুন অধ্যায়ে তার সফলতা কেমন হবে, তা দেখার অপেক্ষায়।