Ridge Bangla

থানায় ভুয়া পুলিশ পরিচয়ে তদবির, যুবক আটক

পুলিশের পরিচয় ব্যবহার করে থানায় তদবির করতে এসে আটক হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২৬ মার্চ) টাঙ্গাইলের মধুপুর থানায় এ ঘটনা ঘটে। আটক মো. মিজানুর রহমান (৩০) কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল জানান, থানায় এসে মিজানুর নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে দাবি করেন। তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত আছেন বলে জানান।

তবে তাঁর কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে দায়িত্বে থাকা কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয়ের অসত্যতা ধরা পড়ে।

একপর্যায়ে মিজানুর স্বীকার করেন, তিনি পুলিশের সদস্য নন। মধুপুর পৌর শহরে জমি-সংক্রান্ত একটি মামলায় এক পক্ষের হয়ে চুক্তির ভিত্তিতে তদবির করতে থানায় এসে ভুয়া পুলিশ পরিচয় ব্যবহার করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, থানার ভেতর থেকেই তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 5

আরো পড়ুন