Ridge Bangla

থাইল্যান্ড উপকূলে কন্টেইনার জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির উদ্ধার দল।

স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’, যা মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে দ্রুত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে ফুকেটের একটি হোটেলে আছেন এবং সবাই সুস্থ।

বোরহান উদ্দিন বলেন, কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েক দিনের মধ্যে নাবিকরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জাহাজটি ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে রওনা দিয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। দুর্ঘটনার কারণে জাহাজের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকাজে থাই নেভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাহাজডুবি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে জাহাজটিকে সমুদ্রে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন