Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (১০ জানুয়ারি) রংপুর সফরকালে মেট্রোপলিটন পুলিশ ও জেলার বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে এক কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত দুঃখজনক ঘটনাগুলোর পর বাংলাদেশ পুলিশকে নতুন করে সংগঠিত করা এবং সদস্যদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিছু লোভী ও দলকানা নেতৃত্বের কারণে পুলিশের ওপর যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসাই ছিল বড় চ্যালেঞ্জ। তিনি স্বীকার করেন, শতভাগ সফলতা অর্জন সম্ভব হয়নি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আইজিপি বলেন, কোনো দেশেই শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশের গত কয়েক দশকের পরিসংখ্যানে প্রতিবছর গড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যাকাণ্ড ঘটে থাকে। তবুও পুলিশের লক্ষ্য থাকবে, যেন একটি প্রাণও না ঝরে। বাহারুল আলম জানান, আসন্ন নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব।

This post was viewed: 19

আরো পড়ুন