আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনি রাজনৈতিক নেতাদের মধ্যেও নিজের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি চলছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল তাদের শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মির্জা আব্বাস ভোট প্রদান করবেন ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
অন্যদিকে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।