Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিবন্ধন প্রায় ৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন। এছাড়া আরও ৮৬ হাজার ৬৩৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই পদক্ষেপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা ভোট দিতে পারবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত ফিরতি খামে ভোট পাঠাবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের প্রবাসীরা নিবন্ধনের আওতায় রয়েছেন।

নির্বাচন কমিশন আশা করছে, প্রবাসী ভোটারদের অংশগ্রহণে দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী ও সবল হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটদানে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন