আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে।
ইসি সূত্র জানায়, আগে নির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে এখন প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। আগে যেখানে আপিল নিষ্পত্তির তারিখ ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি, সেখানে সংশোধিত তফসিলে তা ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় এখনও বাকি রয়েছে ১০ দিন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী ধাপগুলো শুরু হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ওই তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনে নির্বাচন কমিশন।