Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ক্যাম্পেইন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে আজ রোববার (২ নভেম্বর)। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ৪৮ সেকেন্ডের একটি টিজার, যা জনগণকে ভোটাধিকার ব্যবহারের জন্য প্রণোদিত করছে।

প্রধান উপদেষ্টা অফিসের সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর প্রাথমিক ক্যাম্পেইন। টিজারে বিশেষভাবে অংশগ্রহণ করেছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক। তিনি জনগণকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

টিজারে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে থাকবে—এমন বার্তাও দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, যেখানে সব নাগরিক তাদের ভোটাধিকার ব্যবহার করবেন। সুচিস্মিতা তিথি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণ সরাসরি অংশগ্রহণ করবে। তাই সকলকে সচেতনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

এর আগে নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করেছে। তিন বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে।

টিজারের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝানো ও অংশগ্রহণ বাড়ানোই মূল লক্ষ্য। নির্বাচন কমিশন আশা করছে, টিজার ও ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং ভোটগ্রহণ হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।

This post was viewed: 43

আরো পড়ুন