ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত থাকায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ২৯১ জন।
এ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে এবং সর্বোচ্চ গাজীপুর-২ আসনে।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৮ লাখ নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন ৯ লাখ ৫৮ হাজার সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় ইউএভি, ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া ২ হাজারের বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরাও ভোট পর্যবেক্ষণে উপস্থিত রয়েছেন।