যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে গত কয়েক দিন সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ টিকিটের দাম নির্ধারণের পর সমর্থক থেকে শুরু করে সবার নানা আলোচনা ও সমালোচনায় বিদ্ধ হয় তারা। নানা সমালোচনার পর টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ থেকে সরে এসেছে সংস্থাটি।
ফিফা টিকিটের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। ফাইনালসহ প্রতিটি ম্যাচে সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে এবং সেই সীমিত সংখ্যক টিকিট ৬০ ডলার মূল্যে বিক্রি করা হবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে নতুন কমদামের একটি টিকিট ক্যাটাগরি চালু করেছে আয়োজকরা।
২০২৬ বিশ্বকাপের সূচি ও ড্র চূড়ান্ত হওয়ার পর প্রথম দফায় টিকিটমূল্য প্রকাশ করে ফিফা। সংবাদ সংস্থা এপির ভাষ্যমতে, জার্মান সকার ফেডারেশনের ঘোষিত দামে দেখা যায়, গ্রুপপর্বের টিকিটের দাম ১৮০ ডলার থেকে শুরু করে ৭০০ ডলার পর্যন্ত। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয় ৪ হাজার ১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার। টিকিটের এমন চড়া দাম নিয়ে বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব ও সমর্থকদের মধ্যে, বিশেষ করে ইউরোপের ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
টিকিটের অতিরিক্ত দাম নিয়ে ইউরোপভিত্তিক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জানায়, ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি, যা বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।
এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটি তাদের অবস্থান থেকে সরে আসে। ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ৬০ ডলারের ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিট রাখা হবে। অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশনগুলো ৪০০ থেকে ৭৫০টি পর্যন্ত এই ক্যাটাগরির টিকিট পাবে, যা তারা নিজেদের সমর্থকদের মধ্যে বণ্টন করবে অথবা ফেডারেশনগুলোর অন্যান্য সদস্যদের দিতে পারবে।
ফিফার দাবি, সমর্থক ও দর্শকদের কথা চিন্তা করে জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণ করা সমর্থকদের সহায়তা করতেই টিকিটমূল্যে এই ছাড় দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত বদলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি সংস্থাটি।
উল্লেখ্য, আগামী ২০২৬ বিশ্বকাপ এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে অন্তত ১০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা। এর মধ্যেই নতুন ধাপে টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় দুই কোটি মানুষ।