ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে। এদিন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত, যে আসন থেকে তিনি প্রার্থীও হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা-১৭ ছাড়াও তারেক রহমান বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের প্রার্থী। তিনি মিরপুর-২ নম্বরের মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করছেন। তিনি ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনের প্রার্থী হিসেবে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রার্থী। তিনি মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন; তিনি বাঞ্ছারামপুরের কলাকান্দি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ আসনে এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনে নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ আসনের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।