বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফেনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এ সময় ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের কণ্ঠে ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বিপ্লব বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেননি। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন- এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের দিন।