Ridge Bangla

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এবং জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করবে। তারেক রহমানের সাম্প্রতিক প্রত্যাবর্তন সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বিএনপি মহাসচিব বলেন, দলের নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। যাকে আজ দেশের মানুষ ও আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে, সেই তারেক রহমান রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে ফিরেছেন। এই প্রত্যাবর্তনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ গণতন্ত্রের পথে পরিবর্তন চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন জনসমর্থন ও আবেগ খুব কম নেতার ভাগ্যেই জোটে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা এখন আরও দৃঢ় হয়েছে। তার মতে, দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন