বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তার আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় স্মৃতিচারণামূলক কর্মসূচি। এ উপলক্ষে সাভার-আশুলিয়া এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নিচ্ছেন।