বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি পাঠানো হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন বিএসআরএফ সভাপতি। সেইসঙ্গে সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের প্রবেশের সুযোগ রাখার অনুরোধ জানান তিনি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বিএসআরএফ সভাপতির প্রস্তাবসমূহ আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএসআরএফ-এর সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।