Ridge Bangla

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদের মৃত্যু

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলার কয়েদি মো. তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারা অধিদপ্তরের এআইজি মো. জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার দুপুরে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দ্রুত ঢামেকে পাঠানো হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে কারাগার থেকে তাকে নিয়ে বিকেল ৪টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে এক্সট্রা বেড-১৯ নম্বরে রাখা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর মাহমুদ রমনা থানায় দায়ের করা হলমার্ক কেলেঙ্কারি মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যেই তাকে রাখা হলেও সম্প্রতি তার অসুস্থতা বেড়ে গিয়েছিল।

This post was viewed: 45

আরো পড়ুন