রাজধানী ঢাকায় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকে পুরো শহর। সকাল পৌনে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, যা কিছু সময়ের মধ্যে কমে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ, ফলে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়।
ঘন কুয়াশার প্রভাবে সকালবেলায় সড়ক ও মহাসড়কে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে খোলা এলাকা ও উড়াল সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যেও শীতের কারণে ভোগান্তি লক্ষ্য করা গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস ও কুয়াশার প্রবণতা আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।