ঢাকা কলেজের স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রক্ষার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধ বেলা ১১টা ২০ মিনিটে প্রত্যাহার করা হলে মোড়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
আন্দোলনকারী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর স্কুলিং মডেল বাস্তবায়িত হলে ঢাকা কলেজের দীর্ঘদিনের ইতিহাস, স্বকীয়তা ও সুনাম ক্ষুণ্ন হবে। তারা অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনা করা হয়নি।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামো অনুযায়ী সাত কলেজকে চারটি স্কুলে রূপান্তর করে ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতিতে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সুপারিশ করেছে। সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে প্রস্তাবটি জারি করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি কমিটি গত ২৪ সেপ্টেম্বর প্রশাসনিক ও একাডেমিক কাঠামোর খসড়া প্রকাশ করে। এতে বহুস্তরীয় শিক্ষা কাঠামোর মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়।