Ridge Bangla

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণার একদিন পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নিয়মিতভাবে ভিসা সংক্রান্ত সেবা দেওয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আবেদন কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই ভিসা আবেদন, বায়োমেট্রিক ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে ‘জুলাই ঐক্য’ ব্যানারে ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সে সময় অফিসিয়াল নোটিশের মাধ্যমে আবেদনকারীদের বিষয়টি জানানো হয়েছিল।

ভিসা সেন্টার বন্ধ থাকায় নির্ধারিত সময়ের আবেদনকারীদের মধ্যে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের পরবর্তী সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। পুনরায় চালু হওয়ার ফলে আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

This post was viewed: 12

আরো পড়ুন