Ridge Bangla

ঢাকায় পৌঁছেছে শহীদ ওসমান হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, সন্ধ্যা ৬টার মধ্যে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ ওসমান হাদির মরদেহ গ্রহণ ও শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দু-পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।

This post was viewed: 25

আরো পড়ুন