Ridge Bangla

ডেভিল হান্ট ফেজ-২: ৮ দিনে দেড় লাখ যানবাহনে তল্লাশি, গ্রেপ্তার ৫ হাজার ৫৯৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ অভিযানে মাত্র ৮ দিনে দেড় লাখের বেশি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৫ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি ও চলমান অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।

তিনি জানান, ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে সমন্বিতভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মোট ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট বসানো হয় এবং ১ লাখ ৫১ হাজার ২৩২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি ১ লাখ ৭১ হাজার মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৪৫২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে মোট ৫ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৫৬টি, যার মধ্যে রয়েছে ১টি রাইফেল, ৫টি রিভলভার, ৭টি পিস্তল, ১১টি শ্যুটার গান ও ৮টি পাইপগান।

প্রতিদিন গড়ে পনেরশ থেকে ষোলোশো গ্রেপ্তার করা হচ্ছে। পূর্বেও গ্রেপ্তারকৃত সংখ্যা এমন থাকার বিষয়টি তুলে ধরে অভিযানের গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলাম বলেন, এই অভিযানে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি এই তালিকায় ওয়ারেন্টভুক্ত আসামিরাও রয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন