ডেঙ্গুর প্রাদুর্ভাব এ বছরও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৬৫১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ হাজারের ঘর পেরিয়ে ৭০ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।
তবে সুখবর হলো- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে ভর্তি হওয়া ৬৫১ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে সারাদেশে ৬৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ হাজারের ঘর পেরিয়ে ৭০ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত বছর (২০২৪ সালে) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বাধিক। সে বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এ বছর এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু দুই-ই তুলনামূলকভাবে কম হলেও, ডেঙ্গু পরিস্থিতি এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।