ডেঙ্গুর বিস্তার থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১১ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৬৪ জন। রোগীর চাপ কমাতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসাধারণকে মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।