Ridge Bangla

‘ডিবি পুলিশ’ সেজে প্রেম, কফিতে ঔষধ মিশিয়ে স্বর্ণালংকার লুটে দুই প্রতারক গ্রেফতার

রাজশাহীর বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অচেতন করে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন তৌহিদুল ইসলাম (২৪) ও মশিউর রহমান (২৩)।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, তৌহিদুল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ফেসবুকে রূপা খাতুন নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। রূপা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত এবং নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।

২০ অক্টোবর তৌহিদুল তার সহযোগী মশিউরকে সঙ্গে নিয়ে রূপা ও তার খালাতো বোনকে ভবানীগঞ্জ বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে ডেকে নেন। সেখানে কফিতে অচেতনকারী ওষুধ মিশিয়ে পান করালে তারা অজ্ঞান হয়ে পড়েন। এরপর প্রতারকরা দুই নারীর স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ভুক্তভোগীরা ২৪ অক্টোবর বাগমারা থানায় মামলা করেন। এরপর একাধিক মাধ্যমে পাওয়া তথ্যের সমন্বয় করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শুধু এক জোড়া নূপুর উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন