Ridge Bangla

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি দেশে আসার জন্য তিনি দূতাবাসে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) তা অনুমোদিত হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

এদিকে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনের তুলনায় আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা দোয়া ও চিকিৎসার ফলেও এখন বেশ স্থিতিশীল।

ডা. জাহিদ হোসেন বলেন, শুক্রবার একটি ছোট প্রসিডিউর সম্পন্ন হয়েছে, যা তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের চিকিৎসা দেশি ও বিদেশি চিকিৎসক সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হচ্ছে। এছাড়া পরিবারের পক্ষ ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন