Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করার বিষয়ে বৈঠক করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এমন অনড় অবস্থানের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ক্রিকবাজ ও আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ ম্যাচ সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসি বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বকাপে খেলা নিয়ে যেসব দাবি ও অবস্থান রয়েছে, তা আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির হাতে আর কোনো বিকল্প নেই।

বুধবার আইসিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুসারে বিকল্প দল নির্বাচনের কার্যক্রম শুরু করে।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে। বর্তমানে স্কটল্যান্ড টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

This post was viewed: 7

আরো পড়ুন