আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের দশম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফলে দর্শকরা টিকিট ছাড়াই মাঠে এসে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে সকাল ১১:৩০টায় (বাংলাদেশ সময়)। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দিন শেষে ভারত বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে প্রথম দিনের খেলা শেষ হবে।
দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট সকাল ৯:৩০টা থেকে খোলা থাকবে। প্রবেশ বিনামূল্যে হলেও আসন সীমিত হওয়ায় এবং পাকিস্তানের ম্যাচে বেশি ভিড় হতে পারে বলে দ্রুত মাঠে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। টুর্নামেন্টটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। আগে ফ্রি প্রবেশের সুযোগ না থাকায় এবার ক্রিকেটপ্রেমীদের জন্য সরাসরি বিশ্বকাপের উত্তেজনা উপভোগের এটি দারুণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।