Ridge Bangla

ঝালকাঠিতে বাজিতে ১০০ বার ডুব দিয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে টানা ১০০ বার ডুব দেওয়ার পর এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবুল মোল্লা (৪৫)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজাপুর উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাবুল মোল্লা চালের বস্তা মাথায় নিয়ে বাজারে আসেন। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে তিনি পাশের খালে নামার সিদ্ধান্ত নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গামছা পরে খালে নেমে বাবুল বাজির শর্ত অনুযায়ী টানা ১০০ বার ডুব দেন। খাল থেকে ওঠার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। সামান্য টাকার বাজিতে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ও তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

This post was viewed: 12

আরো পড়ুন