Ridge Bangla

জেন-জি প্রভাবিত প্রথম নির্বাচন বাংলাদেশে: রয়টার্স

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেনারেশন জেড (জেন-জি) প্রভাবিত নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড় ধরনের জয় পেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। গত কয়েকটি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ সীমিত ছিল বা গ্রেফতার ও রাজনৈতিক চাপে তারা কোণঠাসা অবস্থায় ছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে এবং ২০২৪ সালের গণআন্দোলনের পর তরুণ ভোটাররা এবারের নির্বাচনকে ২০০৯ সালের পর প্রথম প্রতিযোগিতামূলক ভোট হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত-নেতৃত্বাধীন জোট শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে। জেন-জির নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি এককভাবে প্রভাব ফেলতে না পেরে জামায়াতের সঙ্গে জোট করেছে।

বিএনপির প্রধান তারেক রহমান রয়টার্সকে জানান, তাদের দল ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে নির্বাচন করছে এবং সরকার গঠনে তারা আত্মবিশ্বাসী। বিশ্লেষকদের মতে, এ নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক অস্থিরতায় শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশই জেন-জির অন্তর্ভুক্ত, ফলে তাদের ভোটই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য, দুর্বল রিজার্ভ ও স্থবির বিনিয়োগ- এসব অর্থনৈতিক ইস্যুই ভোটারদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে।

This post was viewed: 4

আরো পড়ুন