শীত মৌসুমে বাসা-বাড়িতে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার বন্ধ থাকে। তবে এ সময় এসির প্রয়োজন না থাকলেও একে অবহেলায় ফেলে রাখা মোটেও উচিত নয়। কারণ দীর্ঘদিন ব্যবহার না করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে গরম মৌসুমে এসি চালু করার সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এসি বন্ধ রাখার আগে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করলে যন্ত্রটি নিরাপদ থাকে এবং এর আয়ুষ্কালও বাড়ে। শীতকালে এসি ব্যবহার না হলেও সেটিকে উন্মুক্ত অবস্থায় রাখা ঠিক নয়। অব্যবহৃত অবস্থায় এসির ভেতরে ধুলোবালি, ময়লা ও আর্দ্রতা জমে গিয়ে সংবেদনশীল যন্ত্রাংশের ক্ষতি করতে পারে।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, দীর্ঘ বিরতির পর এসি চালু করলে সেটি ঠিকভাবে ঠান্ডা করে না বা গ্যাস লিকের মতো সমস্যার সৃষ্টি হয়। মূলত নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবই এসব সমস্যার প্রধান কারণ।
এসি বন্ধ করার আগে প্রথমেই এর ফিল্টারগুলো ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেতরে জমে থাকা ধুলো, ময়লা বা ছত্রাক সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফিল্টার শুকিয়ে নিতে হবে। এরপর এসির বাইরের অংশ একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে কোথাও আর্দ্রতা না থাকে। ধুলোবালি বা পানির প্রবেশ রোধ করতে এসিকে পলিথিন বা কাপড়ের কাভার দিয়ে ভালোভাবে ঢেকে রাখা অত্যন্ত জরুরি।
শুধু ইনডোর ইউনিট নয়, আউটডোর ইউনিটের ক্ষেত্রেও প্লাস্টিক কাভার ব্যবহার করলে তা আরও সুরক্ষিত থাকে। এসি একটি সংবেদনশীল ও ব্যয়বহুল যন্ত্র। তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ কেবল যন্ত্রটির স্থায়িত্বই বাড়ায় না, বরং পরবর্তী গরম মৌসুমে অপ্রয়োজনীয় মেরামত খরচ থেকেও ব্যবহারকারীকে রক্ষা করে। সামান্য সচেতনতা ও যত্ন নিলেই গরমে এসি আগের মতোই নিরবচ্ছিন্ন ও কার্যকর সেবা দিতে সক্ষম হবে।