জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫কে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একাধিক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ২০২৫ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি জনগণের বিজয় এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দলিল। বারবার পড়ার মতো একটি ঐতিহাসিক নথি। তিনি আরও দাবি করেন, আদেশটি রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এর আগে আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ নিশ্চিত হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন, উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর চালু এবং রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হলো। তাঁর মতে, এ ব্যবস্থাগুলো ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আদেশটি অনুমোদন দেওয়া হয়। একইদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আদেশের মূল বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।