Ridge Bangla

জামায়াত জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্ষমা চাইলেন মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। নির্বাচনি রাজনীতির বাস্তবতায় বড় রাজনৈতিক জোটে যুক্ত হওয়া প্রয়োজন হয়ে পড়েছে। তিনি এই সিদ্ধান্তকে ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এতে অনেক সমর্থক কষ্ট পেয়েছেন, এর জন্য তিনি ক্ষমা চান। মঙ্গলবার আগারগাঁওয়ে সিটিজেনম প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু জানান, তিনি ক্ষমা চাইলেও উপস্থিত ব্যক্তিরা তা গ্রহণ করেননি। এ নিয়ে তিনি বলেন, ক্ষমা না করার প্রবণতা এখন নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচনি বাস্তবতায় ছোট দলগুলোর টিকে থাকা কঠিন, তাই বড় দলের সঙ্গে জোট করা বাধ্যতামূলক হয়ে পড়ে। জোটে যোগ দেওয়ার দায়ের ৬০ শতাংশ তারা নিজেরাই নিচ্ছেন এবং জনগণকে দোষ দিচ্ছেন না।

এ সময় ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কেন এবি পার্টি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে পারেনি?

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু জানান, একটি ছোট দল হওয়ায় তাদের পক্ষে এককভাবে নির্বাচন পরিচালনা করা ও ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। তিনি হতাশা প্রকাশ করে বলেন, দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান ও বিদ্রুপের শিকার হন এবং দলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাসনিম জারার উদাহরণ টেনে তিনি বলেন, শক্তিশালী পটভূমি ও মিডিয়া সমর্থন ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানো অনেকের জন্য সম্ভব নয়।

গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়, ফলে জোটের শরিক সংখ্যা দাঁড়ায় ১১টিতে। মঞ্জু আসন্ন নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।

This post was viewed: 5

আরো পড়ুন