আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য অষ্টম জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, জাতীয় ভোটার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠানমালার পাশাপাশি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
প্রতিবছর নতুন ভোটারদের উৎসাহিত করা, নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে সাধারণত আলোচনা সভা, র্যালি, সেমিনার এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কমিশন এ বছর নির্ধারিত কর্মসূচিগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে আদেশে জানানো হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিবসটির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে।