ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই এলাকার নূর আলী ও বাদশার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার অনুসারীরা বলপূর্বক জমি দখলের চেষ্টা করলে শহিদুল মাস্টারের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়।
বাধা প্রদানকালে একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।