Ridge Bangla

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত কৃষক দলের সভাপতি, আটক ৪

নিজ সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারিয়েছেন এক পিতা। নোয়াখালীর সদর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটা এ ঘটনায় মো. সেলিম প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. সেলিম দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামের মৃত মো. শাহজানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক দলের সভাপতি ছিলেন।

জানা গেছে, সেলিমের পুত্র অন্তরের সঙ্গে এলাকার কিশোর গ্যাং সদস্য সজল, শাওন, ফাহাদ ও রিয়াজের সিনিয়র-জুনিয়র হওয়ার বিষয় নিয়ে বিরোধ চলমান ছিল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ বিষয়ে ফোনে অন্তর ও সজলের মধ্যে নাম ধরে ডাকা নিয়ে বাকবিতণ্ডা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজল তার সহযোগীদের নিয়ে অন্তরের বাড়ির সামনে আসে এবং অন্তরকে দেখা মাত্রই তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে এসে ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হট্টগোল শুনে নিজের দোকান থেকে বেরিয়ে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান সেলিম। তখন অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।

এরপর উদ্ধার করে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 5

আরো পড়ুন