Ridge Bangla

ছায়ানটে হামলার ঘটনায় ৩৫০ জনের নামে মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোরপূর্বক ছয়তলা সংস্কৃতি ভবনটিতে ঢুকে বিভিন্ন স্থানে ভাঙচুর ও মালামাল লুট করে। একই সময় ভবনের কয়েকটি অংশে আগুন ধরানোর চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার যৌথ বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও প্রশাসনিক দপ্তরসহ ভবনের প্রায় সব কক্ষ ক্ষতির মুখে পড়ে। হামলার সময় সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়। বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র নষ্ট হয়। কিছু সরঞ্জাম ও সার্ভারে আগুন দেওয়া হয়।

হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও একাধিক হার্ডডিস্ক নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের পাশাপাশি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়েও হামলার খবর পাওয়া যায়।

This post was viewed: 15

আরো পড়ুন