Ridge Bangla

চৌগাছা সীমান্তে ৪টি এয়ারগান ও বিদেশি পিস্তল উদ্ধার

যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন আন্দুলিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান ও একটি বিদেশি গ্যাস পিস্তল উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রের আনুষঙ্গিক সরঞ্জাম হিসেবে ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদি মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন